দিনাজপুরে জিপি এক্সিলারেটর বুটক্যাম্প অনুষ্ঠিত
তরুণ উদ্যোক্তাদের সম্ভাবনার বিকাশের লক্ষ্যে দেশজুড়ে ২০টি অঞ্চলে অনুষ্ঠিত হচ্ছে “জেলায় জেলায় স্মার্ট উদ্যোক্তা” বুটক্যাম্প। এরই অংশ হিসেবে শনিবার (৪ মে) দিনাজপুরে অনুষ্ঠিত হলো গ্রামীণফোনের স্টার্টআপ ইনোভেশন প্ল্যাটফর্ম জিপি এক্সিলারেটর বুটক্যাম্প। এতে প্রায় ২৫০ জন উদ্যোক্তা অংশ নেন।
শহরের একটি হোটেলে অনুষ্ঠিত ক্যাম্পে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকারের উপপরিচালক সালাহউদ্দিন আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক এন্ড এস্টেট) মোসফেকুর রহমান, দিনাজপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি’র সভাপতি রেজা হুমায়ুন ফারুক চৌধুরী, যুব উন্নয়ন অধিদপ্তর, দিনাজপুরের উপপরিচালক খন্দকার মোঃ রওনাকুল ইসলাম, দিনাজপুর সরকারি কলেজের সরকারী অধ্যাপক এবং উচ্চ মাধ্যমিক শাখার তত্ত্বাবধায়ক শেখ মাহাতাবুল হক এবং জিপি এক্সিলারেটর, দিনাজপুর রিজিওনের কমিউনিটি বিল্ডার বিশাল কুমার গুপ্ত।
এসময় স্থানীয় সমাজ সংগঠক, স্টার্টআপ প্রতিষ্ঠাতা, জিপি এক্সিলারেটর (জিপিএ) সদস্য, সংশ্লিষ্ট শিল্পের বিশেষজ্ঞ ও প্রশিক্ষকগণসহ খ্যাতনামা ব্যক্তিত্ব ও অংশীজনরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন গ্রামীণফোনের জিপি এক্সিলারেটর প্রোগ্রাম লিড মুহাম্মদ সোহেল রানা।
ক্যাম্প নিয়ে গ্রামীণফোনের এনভায়রনমেন্ট, সোশ্যাল অ্যান্ড গভার্নেন্স হেড, ফারহানা ইসলাম বলেন, ২০৪১ সালের স্মার্ট বাংলাদেশ গড়ে তুলতে তাদের মেধা বিকাশ ও দক্ষতার বিকল্প নেই । এই প্রোগ্রাম থেকে তরুণরা প্রয়োজনীয় শিক্ষা গ্রহণ করে তাদের উদ্ভাবনী আইডিয়াগুলো সবার সামনে তুলে ধরতে পারবেন। এই পদক্ষেপ প্রয়োজনীয় দক্ষতা অর্জনের পাশাপাশি স্মার্ট বাংলাদেশ রূপকল্প বাস্তবায়নে অবদান রাখবে বলে আমাদের বিশ্বাস।







